
মিয়ানমার থেকে কক্সবাজার উপকূল দিয়ে আসছে ‘জমাটবাঁধা’ হেরোইন

### ট্রানজিটের পাশাপাশি বাড়ছে দেশীয় উদ্বেগ
### শান রাজ্য থেকে কক্সবাজার: হেরোইন পাচারের নতুন রুট
### অভিনব কৌশল ও বিলাসবহুল যানবাহনের ব্যবহার

### ১০ গুণ শক্তিশালী ‘জমাটবাঁধা’ হেরোইন উদ্ধার
কক্সবাজার ৭১ ডেস্ক:
গৃহযুদ্ধের বিপুল ব্যয় মেটাতে মিয়ানমারের সশস্ত্র মিলিশিয়া ও আন্তঃমহাদেশীয় ড্রাগ সিন্ডিকেট ইয়াবা ও আইসের পুরোনো রুটকেই এখন হেরোইন পাচারের নতুন প্রবেশদ্বার বানিয়ে ফেলেছে। শান রাজ্যের ল্যাবে প্রস্তুতকৃত মরণনেশা এই হেরোইন নাফ নদ ও বঙ্গোপসাগরের অরক্ষিত সীমান্ত দিয়ে কক্সবাজার উপকূলে প্রবেশ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পাউডারের পরিবর্তে এবার পাঠানো হচ্ছে সাধারণ হেরোইনের চেয়ে অন্তত দশ গুণ বেশি শক্তিশালী ‘জমাটবাঁধা’ হেরোইন। বাংলাদেশকে ‘ট্রানজিট’ রুট বানিয়ে এই সাদা বিষ তৃতীয় দেশে পাচার করা হলেও এর একটি অংশ জড়িয়ে পড়ছে দেশের উচ্চবিত্ত তরুণ সমাজের মাদকাসক্তিতে।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) ২০২৬ সালের বিশ্ব মাদক প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অবৈধ আফিম উৎপাদনকারী দেশ মিয়ানমার। এর মধ্যে ৮৮ শতাংশ আফিম চাষ হয়েছে দক্ষিণ শান, পূর্ব শান এবং উত্তর শান এলাকায়। শান রাজ্যের ল্যাবে উৎপাদিত হেরোইন পাহাড়ি ও নদীপথ পাড়ি দিয়ে রাখাইন রাজ্যে পৌঁছায়। সেখান থেকে মাছ ধরার ট্রলার বা স্পিডবোটে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে প্রবেশ করছে।
মিয়ানমারের শান রাজ্য ও আরাকানে বসে বিদ্রোহী গোষ্ঠী বা মিলিশিয়াদের প্রশ্রয়ে এই চোরাচালানের মূল কলকাঠি নাড়ছে আন্তঃমহাদেশীয় ড্রাগ সিন্ডিকেট। কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ঘাপটি মেরে থাকা অপরাধী ও স্থানীয় গডফাদাররা রিসিভার হিসেবে চালানের ঝুঁকি নিয়ে নিরাপদে দেশের অভ্যন্তরে সরবরাহের ব্যবস্থা করছে।
মাদকবিষয়ক গবেষক ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ন কবির খোন্দকার বলেন, ‘ব্ল্যাক ট্রায়াঙ্গেলের মিয়ানমার অংশে বিগত যে কোনো সময়ের চেয়ে রেকর্ড পরিমাণ আফিম উৎপাদিত হয়েছে। মাদক ব্যবসায় সরাসরি বিদ্রোহী গোষ্ঠীগুলো যুক্ত থাকায় কক্সবাজার অঞ্চল দিয়ে ইয়াবা, আইসের পাশাপাশি এখন হেরোইনও আসছে।’
কোস্টগার্ডের সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লে. কমান্ডার মারুফ আহমেদ সৌখিন জানান, কক্সবাজার হেরোইন পাচারের অপরিচিত একটি রুট হলেও সম্প্রতি কিছু চালান জব্দ করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগের। বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার উল আলম বলেন, সব ধরনের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। হেরোইন উদ্ধারেও বিজিবি তাদের নজরদারি ও অভিযান জোরদার করেছে।
সীমান্ত পেরিয়ে কক্সবাজারে প্রবেশের পর পাচারের ধরন সম্পূর্ণ বদলে যায়। সাধারণ বাহকের পরিবর্তে বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টে ডিজিটাল ডেটাবেজ না থাকার সুযোগ নিয়ে গাড়িতে সাংবাদিক বা হাইকোর্টের ভুয়া স্টিকার লাগানো হচ্ছে। এ ছাড়া গ্যাস সিলিন্ডার, এসি প্যানেল বা সিটের নিচে আধুনিক স্ক্যানার ছাড়া ধরা অসম্ভব এমন যান্ত্রিক চেম্বার তৈরি করে মহাসড়ক দিয়ে চালানগুলো দেশের বিভিন্ন স্থানে এবং পরবর্তীতে আকাশ বা সড়কপথে তৃতীয় কোনো দেশে পাচার করা হচ্ছে।
মাদকপাচারে মাফিয়ারা এবার এনেছে নতুন ভয়ংকর মাত্রা। চিরচেনা পাউডারের বদলে মিয়ানমার থেকে ঢুকছে চ্যাপ্টা ও চারকোনা আকৃতির ‘জমাটবাঁধা’ হেরোইন। গত ২৪ সেপ্টেম্বর টেকনাফের পশ্চিম গোদার বিল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অস্ত্র ও ইয়াবার পাশাপাশি পলিথিনে মোড়ানো ৭০০ গ্রামের এমনই একটি সাদা রঙের জমাটবাঁধা বস্তু উদ্ধার করা হয়। পরে ঢাকার কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া যায় যে এটি সাধারণ হেরোইনের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী উচ্চমাত্রার হেরোইন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির জরিপ অনুযায়ী, দেশে মোট মাদকাসক্তের প্রায় ৫ দশমিক ৪ শতাংশ হেরোইন বা ওপিওয়েড আসক্ত, যাদের প্রায় সবাই শহরের তরুণ সমাজ ও ধনাঢ্য পরিবারের সন্তান। দেশে আসা হেরোইনের ১০ থেকে ১৫ শতাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করলেও বাকি অংশ ট্রানজিট হয়ে চলে যাচ্ছে বিদেশে।
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ইয়াবা ও আইসের সঙ্গে এখন ট্রানজিট হিসেবে হেরোইন যুক্ত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এই ভয়ংকর আন্তর্জাতিক সিন্ডিকেট এবং দেশীয় রুটগুলো দমনে আরও কঠোর ও সমন্বিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
