advertisement

টেকনাফে সাইক্লোন শেল্টার নির্মাণে অনিয়মের অভিযোগ: ঠিকাদারের বিল আটক ও ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্তের উদ্যোগ

কক্সবাজার ৭১ ডেস্ক

কক্সবাজার ৭১ ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৬, ০৯:৫৮

টেকনাফে সাইক্লোন শেল্টার নির্মাণে অনিয়মের অভিযোগ: ঠিকাদারের বিল আটক ও ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্তের উদ্যোগ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিশ্বব্যাংকের অর্থায়নে চারতলাবিশিষ্ট স্কুল কাম সাইক্লোন সেন্টার নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম, বকেয়া বিল পরিশোধ না করা, কার্যাদেশ বাতিল এবং ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্তের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান ডোরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের দাবি, পাওনা টাকা না দিয়েই এলজিইডি (LGED) তাদের চুক্তি বাতিল করে নতুন করে দরপত্রের মাধ্যমে অন্য একটি পক্ষকে কাজ দেওয়ার পাঁয়তারা করছে। তবে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দাবি, চুক্তি অনুযায়ী সম্পাদিত কাজের বিল পরিশোধ করা হয়েছে।


দাপ্তরিক নথি সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ প্রকল্পের আওতায় ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর টেকনাফের কাটাখালী, ডাংগারপাড়া, নোয়াপাড়া ও চান্দলীপাড়ায় চারটি সাইক্লোন সেন্টার নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১৮ কোটি ২৩ লাখ ৮২ টাকা হলেও দরপত্রে ৮ শতাংশ কম মূল্যে ১৬ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার ৪৩৩ টাকায় চুক্তি স্বাক্ষরিত হয়। কাজের মেয়াদ ছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১২ মার্চ ২০২৫ পর্যন্ত। চুক্তির বিপরীতে প্রতিষ্ঠানটি এনআরবিসি ব্যাংক থেকে ৮৩ লাখ ৮২ হাজার ২২১ টাকার পারফরম্যান্স সিকিউরিটি জমা দেয়।

featured banner


ডোরিন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. মামুন খানের অসহযোগিতার মুখোমুখি হতে হয়। সাইট হস্তান্তরে বিলম্ব এবং পারফরম্যান্স সিকিউরিটি বাজেয়াপ্তের হুমকি দেওয়া হতো।


প্রতিষ্ঠানটির দাবি, ২০২৪ সালের জুনে ১ কোটি ২৭ লাখ ৬৭ হাজার টাকার কাজ শেষে বিল চাওয়া হলে দেওয়া হয় ৯৬ লাখ টাকা (৩১.৬৭ লাখ টাকা কম)। পরবর্তীতে উপজেলা প্রকৌশলীর অনুমোদিত ৬১ লাখ ৬৩ হাজার টাকা এবং ৮৫ লাখ ৮০ হাজার টাকার চূড়ান্ত বিল জমা দেওয়া হলেও তা ছাড় করা হয়নি।নোয়াপাড়া সাইটের গর্ত ও ময়লার স্তূপ পরিষ্কার করতে নিজস্ব অর্থায়নে অতিরিক্ত ২৭ লাখ টাকা ব্যয় হয়, যা সংশোধিত বিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি থাকলেও তা রাখা হয়নি।২০২৪ সালের ১০ ও ১৮ ডিসেম্বরের চিঠিতে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে কার্যাদেশ বাতিল করা হয়। এমনকি ২০২৫ সালের ১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে জমা রাখা পারফরম্যান্স সিকিউরিটি নগদায়নের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।


অভিযোগ রয়েছে, কার্যাদেশ বাতিলের পর পুনরায় দরপত্র আহ্বান করে আসাদ নামের এক যুবলীগ নেতাকে কাজ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। তবে এ বিষয়ে স্বাধীন কোনো সমর্থন পাওয়া যায়নি। আইনি নোটিশ পাঠিয়েও কোনো সুরাহা না পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বকেয়া পরিশোধ ও পারফরম্যান্স সিকিউরিটি ফেরত দাবি করেছে।


অভিযোগের বিষয়ে কক্সবাজারের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। তারা যতটুকু কাজ করেছে, সেই অনুযায়ী পুরো বিল পরিশোধ করা হয়েছে।


প্রকল্প পরিচালক মো. ফায়সাল জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় এবং কাজের পরিমাণ অনুযায়ী বিল দেওয়া হয়েছে বলেই তিনি অবহিত আছেন।


একটি গুরুত্বপূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পে ঠিকাদার ও এলজিইডির এই বিরোধের কারণে কাজ স্থবির হয়ে পড়েছে। বকেয়া বিল ও কার্যাদেশ বাতিলের সত্যতা নিশ্চিত করতে নিরপেক্ষ দাপ্তরিক তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ