advertisement

উখিয়ার ‘লম্বাশিয়া বাজার’ নিয়ে প্রশাসন ও বন বিভাগের মুখোমুখি অবস্থান

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১১, ২০২৬, ১০:০৫

উখিয়ার ‘লম্বাশিয়া বাজার’ নিয়ে প্রশাসন ও বন বিভাগের মুখোমুখি অবস্থান
ছবি: সংগৃহীত

সংরক্ষিত বনে বাজার বসিয়ে খাস আদায়ের বিতর্ক

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারের দক্ষিণ দিকে সংরক্ষিত বনের পাহাড় ও গাছ কেটে গড়ে ওঠা অবৈধ ‘লম্বাশিয়া বাজার’ থেকে খাস আদায় নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ১৯০৭ সালের গেজেটমূলে এটি সংরক্ষিত বনভূমি হওয়া সত্ত্বেও একে ‘অস্থায়ী হাট’ হিসেবে ঘোষণা করে সরকারি রাজস্ব আদায়ের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ নিয়ে বন বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতা ও দ্বিমুখী বক্তব্য সামনে এসেছে।

featured banner

খাস আদায়ের জন্য স্থানীয় রাজাপালং ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলীকে দায়িত্ব দেওয়া হলেও বন বিভাগ বলছে, সংরক্ষিত বনে বাজার বসিয়ে খাস আদায়ের কোনো আইনি সুযোগ নেই এবং এ বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি।

উখিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর উখিয়ার ইউএনও পান্না আক্তার স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি)। চিঠিতে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে জেলা প্রশাসক কর্তৃক অস্থায়ী হাট হিসেবে লম্বাশিয়া বাজার অনুমোদিত হয়েছে এবং গত ৮ অক্টোবর উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এই চিঠির পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে পালংখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. নোমান স্থানীয় মোহাম্মদ আলীকে বাজার থেকে খাস আদায়ের দায়িত্ব দেন।

এ বিষয়ে উখিয়ার ইউএনও পান্না আক্তার জানান, লম্বাশিয়া বাজারটি ২০২০ সালে অস্থায়ী হাট হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে তিনি সাফ জানিয়েছেন, বাজার থেকে খাস আদায়ের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তিনি সরাসরি দায়িত্ব দেননি; জনবল সংকটের কারণে তহশিলদার হয়তো স্থানীয় কাউকে এই দায়িত্ব দিয়েছেন এবং এটি সম্পূর্ণ অস্থায়ী।

অন্যদিকে, বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, লম্বাশিয়া বাজার এলাকাটি ১৯০৭ সালের গেজেটমূলে সংরক্ষিত বন। এভাবে পাহাড় কেটে বাজার বানিয়ে খাস আদায়ের কোনো সুযোগ নেই, আর বন বিভাগকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

তিনি আরও জানান, রোহিঙ্গা সংকটের পর থেকে লম্বাশিয়া এলাকায় পাহাড় ও গাছ কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে বন বিভাগের পক্ষ থেকে অন্তত ৫০টি মামলা এবং একাধিক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

দায়িত্ব পাওয়া মোহাম্মদ আলী বলেন, ‘আমাকে দায়িত্ব দেওয়ার পর মাত্র একদিন কয়েক ঘণ্টা খাস আদায় করতে পেরেছি। কিন্তু ব্যবসায়ীরা খাস দিতে চাচ্ছেন না। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হবে।’ এ বিষয়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

সংশ্লিষ্ট আইন অনুযায়ী, ২০২৬ সালের বন ও বৃক্ষ সংরক্ষণ আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে প্রাকৃতিক বনের বনবিরুদ্ধ ব্যবহার ও অনুমতি ছাড়া গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এছাড়া পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনের ভেতর বাণিজ্যিক স্থাপনা তৈরিতে উচ্চ আদালতের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

কক্সবাজারভিত্তিক পরিবেশবাদী সংগঠন ‘ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি’ (ইয়েস)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, বনভূমি সংরক্ষণে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিশ্রুতি রয়েছে। আইনি বিধান ও উচ্চ আদালতের নির্দেশ লঙ্ঘন করে জীববৈচিত্র্যসমৃদ্ধ সংরক্ষিত বনভূমিতে অস্থায়ী হাট ঘোষণা ও খাস আদায়ের প্রক্রিয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ‘বাপেক্স’

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

ছাত্রদল থেকে যুবলীগের কমিটিতে পদপ্রত্যাশী বাবলু মিয়া, চকরিয়ায় রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

সর্বশেষ সংবাদ